Published : 24 Aug 2026, 08:49 PM
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৬ জন মাঝিমাল্লা নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
এ সময় অন্য জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ১৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ফেরত আসারা।
রোববার সন্ধ্যায় পটুয়াখালীর মহিপুর উপজেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
নিখোঁজ মো. নিরব (৫০) উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে। তিনি ট্রলারের মিস্ত্রী।
উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন- ট্রলার মালিক ইউসুফ মাল, মাঝি মো. নুরনবী, জেলে ইয়াছিন ও মাসুদসহ অন্যান্যরা। তারা আসলামপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
জেলেরা জানান, বুধবার আসলামপুর ইউনিয়নের নতুন স্লুইসগেট এলাকা থেকে ১৬ মাঝিমাল্লাকে নিয়ে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশে সাগরে যায়। এর মধ্যে বৈরী আবহাওয়া শুরু হলে ট্রলারটি সাগরের তীরে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
আশেপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা ১৫ জন জেলে ও মাঝিমাল্লারকে উদ্ধার করলেও নিরবকে খুঁজে পাওয়া যায়নি।
নিরবের ভাই আব্দুর রহমান বলেন, “২৪ ঘণ্টা হতে চললো ভাইয়ের কোনো সন্ধান পাইনি। আমরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছি। কোস্ট গার্ডের কাছে আমার নিখোঁজ ভাইয়ের সন্ধানে উদ্ধার অভিযান চালানোর দাবি জানাই।”
নিখোঁজের প্রতিবেশী ও আসলামপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ তারেক বলেন, জীবিত উদ্ধার হওয়া জেলেরা বাড়িতে ফোন দিয়ে নিরবের নিখোঁজের খবর জানিয়েছেন। উদ্ধার হওয়ারা মহিপুর থেকে চরফ্যাশনে আসার জন্য রওয়ানা হয়েছেন।
সাগরে নিখোঁজ একজনের বিষয়ে কোস্ট গার্ডকে জানানোর কথা বলেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
চরফ্যাশন থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, এ ঘটনায় নিখোঁজের পরিবার থেকে লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি। তারপরও খোঁজ নেওয়া হচ্ছে।