১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল হত্যা মামলায় কারাগারে

বৃহস্পতিবার সকালে শাহবাগ থানা এলাকা থেকে আশরাফুল আলম শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল হত্যা মামলায় কারাগারে
আশরাফুল আলম শিমুল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপুকে হত্যার মামলায় গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বৃহস্পতিবার শিমুলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার সকালে শাহবাগ থানা এলাকা থেকে আশরাফুল আলম শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবীর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিরপক্ষে অ্যাডভোকেট নাজমুল আলম, শরীফুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয়।

জুলাই আন্দোলনের শেষ দিন ৫ অগাস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। ওই ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

গত ২২ অক্টোবর এ মামলা থেকে ১৬ জনকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা  হুমায়ুন কবীর।