১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘরে মিলল কঙ্কাল

“জিন্নাহ স্যারের বাড়ির মোটর নষ্ট হওয়ার খবর পেয়ে মেরামত করতে যাই। মোটর মেরামত করতে রান্নাঘরে গেলে একটি লাশ দেখতে পাই।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 08:23 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত পরিচয় একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার পৌরসভার নবকলস এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ।

পুলিশ জানায়, মতলব সরকারি কলেজ অধ্যক্ষ মো. জিন্নাহর বাসভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরিত্যক্ত বাসভবনের উত্তর পাশে একটি রান্নাঘর। সকালে রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে গিয়ে একজন মেকানিক দুর্গন্ধ পান।

উৎস খুঁজতে গিয়ে মোটরের পাশে কঙ্কাল পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি কলেজ শিক্ষক জিন্নাহকে জানান।

মেকানিক সুজন বলেন, “জিন্নাহ স্যারের বাড়ির মোটর নষ্ট হওয়ার খবর পেয়ে মেরামত করতে যাই। মোটর মেরামত করতে রান্নাঘরে গেলে একটি লাশ দেখতে পাই।”

খবর পেয়ে ঘটনাস্থলে যান মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদসহ পিবিআই ও সিআইডির দুটি দল। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “মৃতদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। বয়স এবং পুরুষ নাকি নারী তা চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।