Published : 06 Dec 2025, 06:09 PM
রাজশাহীতে নাগরিক দুর্ভোগ নিরসনে নেসকোর প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ এবং হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির’ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির’ আহ্বায়ক এনামুল হক বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও দুর্নীতি ও অরাজকতার প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে।
নেসকোর অনিয়ম ও দুর্নীতি বন্ধে সতর্ক করে তিনি বলেন, “দ্রুত ত্রুটি সমাধান ও গ্রাহক অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিতে হবে। নাহলে বৃহৎ আন্দোলনের দিতে বাধ্য হব।”
আন্দোলনকারীদের অভিযোগ, সিটি করপোরেশনের দুর্নীতি, রাস্তা ও ফুটপাতের বেহাল অবস্থা, অপরিকল্পিত উন্নয়ন ও বেআইনি পার্কিং শহরে চলাচল কঠিন করছে। ফুটপাত দখলমুক্ত এবং পরিকল্পনার অনুযায়ী উন্নয়ন কাজ করতে হবে, যাতে নগরীদের সমস্যা না হয়।
এ ছাড়া চুরি-ছিনতাই রোধে পুলিশি টহল বৃদ্ধি এবং শহরজুড়ে ডিজিটাল সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান তারা।
রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোলের সঞ্চালনায় মানববন্ধনে রাজশাহী ভাসানী পরিষদের সভাপতি জালাল উদ্দিন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পেয়ারা, অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম, তৌফিক আহসান টিটু এবং শফিকুল আলম সমাপ্ত বক্তব্য দেন।
মানববন্ধন শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।