২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দিতে বাধা, পোলিং কর্মকর্তাকে মারধর

এসপি জানান, পোলিং কর্মকর্তাকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 02:23 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং তার সমর্থকদের জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং কর্মকর্তাকে মারধর করা হয়েছে। 

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পলাশ মজুমদার জানান।

তিনি বলেন, “বেলা ১১টার দিকে চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ূন কবির তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং কর্মকর্তা ফয়সাল ইসলাম তাদেকে বাধা দেন। 

“এতে ক্ষিপ্ত হয়ে কবিরের সমর্থকরা ফয়সালকে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, “ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং কর্মকর্তাকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”