হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফের চাল আমদানি শুরু
এবার হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট ৩২ জন আমদানিকারক ১৪ হাজার টন চাল আমদানি করার অনুমতি (আইপি) পেয়েছেন।
এক মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
বুধবার দুপুরে ২৪৩ টন মোটা-মাঝারি চাল বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম. আর. বাধন।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর থেকে চাল আমদানি বন্ধ ছিল। পরে দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। শুল্কমুক্ত সুবিধায় সেসব চাল আমদানি করছেন আমদানিকারকেরা।
বুধবার দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান এসে পৌছালে দ্রুততার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করে ছাড় করানো হচ্ছে।
এবার হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট ৩২ জন আমদানিকারক ১৪ হাজার টন চাল আমদানি করার অনুমতি (আইপি) পেয়েছেন। তিনদিন আগে তারা কৃষি অধিদপ্তরের খামারবাড়ী থেকে এই অনুমতি পেয়েছেন।
আমদানিকারকরা জানান, ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল থাকবে। ফলে ভোক্তারা কমদামে চাল কিনতে পারবেন।
এসব চালের রপ্তানিকারক (ভারত) বাপি মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার ২ লাখ টন চাল বাংলাদেশে যাচ্ছে। আজ (বুধবার) তার প্রথম ধাপ গেল। পর্যায়ক্রমে বাকীগুলোও যাবে।”
