১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে জখম, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

চাঁদা দিতে অস্বীকৃতি জানায় বালু ব্যবসায়ীকে তুলে বিএনপি নেতার বাড়িতে নিয়ে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে জখম, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নরসিংদীর পলাশে বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের ঘটনায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 04:29 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তা থেকে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পাশাপাশি কান কামড়ে জখমের ঘটনায় মামলা হয়েছে।

মামলায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার রাতে মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সজীব মিয়া বাদী হয়ে মামলাটি করেন বলে পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানিয়েছেন বুধবার দুপুরে।

মহিউদ্দিন ছাড়া অন্য আসামিরা হলেন- জামাল (৪১), জনি (৩২), আনোয়ার (৪৩), শফিক (৩৭), আমিনুল (৪০), সোহেল (৩৮), জুয়েল (৩৫), মানিক (৪০), রায়হান (৩৪), রিজন (৩৭)।

মামলায় বলা হয়, সজীব মিয়া দেশের অন্যতম শিল্প গ্রুপ ‘টিকে খানের’ বালু, ইট ও রড সরবরাহের কাজ পেয়ে বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে ড্রেজার মেশিন ও পাইপ ভাড়াসহ কাজের জন্য নিয়োগ করেন।

সোমবার বিকালে ঘোড়াশালের টেকপাড়ায় ‘বাংলাদেশ জুট মিলস’ এর ভেতরে নদী পাড়ে ড্রেজার মেশিন বসানোর সময় একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে চড়াও হন। এ সময় কাজ বন্ধ করতে বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

“সাখাওয়াত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। তবে অন্যরা ড্রেজার মেশিনের পাইপ ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করেন।

“পরবর্তীতে সাখাওয়াতকে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ির উঠানে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে জখম করা হয়। এক পর্যায়ে সাখাওয়াতের কানে কামড় দিয়ে জখম করেন মহিউদ্দিন। এমনকি গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা চেষ্টাও করা হয় বলে মামলা অভিযোগ করা হয়েছে।”

পরে সাখাওয়াতকে গুরুতর আহত অবস্থায় দক্ষিণ চরপাড়া রাস্তার পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে লোকজন সাখাওয়াতকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন।

এ বিষয়ে জানতে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলে তিনি ধরেননি।