Published : 24 Aug 2026, 03:26 PM
টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকটি পরিবার। এ ছাড়া উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ২৫০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
রোববার থেকে উপজেলায় পানি ঢুকতে শুরু করে বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, চলতি মৌসুমে দুই সপ্তাহ আগে উপজেলার চার হাজার ৪১২ হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়েছিল।
এর মধ্যে পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের ১৩ গ্রামের অন্তত ২৫০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে গেলে আমনের তেমন ক্ষতি হবে না।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত বলেন, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টিপাত না হলে এই পানি দ্রুত সরে যাবে।
ইউএনও তাপসী রাবেয়া বলেন, “ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ধানি জমি তলিয়ে গেছে। এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আশ্রয়শিবির প্রস্তুত রয়েছে।
“উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত আছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পানি কমছে কি-না বলা যাবে। তবে পরিস্থিতি উন্নত হয়ে বলে আশাবাদী।”