১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজয়নগর ও কসবা উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলা সীমান্ত এলাকা থেকে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে কেউ আটক হয়নি।

রোববার রাতে বিজয়নগর এবং সোমবার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানায় বিজিবি।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সোমবার ভোরে কসবা উপজেলা সীমান্ত এলাকার ২০৩৯/এম পিলারের কাছ থেকে এক হাজার ৯৩টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য এক কোটি তিন লাখ ৮৩ হাজার টাকা। 

জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান জিয়াউর রহমান।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, রোববার মধ্যরাতে বিজিবির টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে; যার আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা।

জব্দ করা ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এ কর্মকর্তা। 

এ ছাড়া সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কফ সিরাপ জব্দ করেছে বিজিবি।