Published : 26 Nov 2024, 06:06 PM
প্রায় চার বছর আগে কোভিড মহামারির সময় সাভারে বন্ধ হয়ে যাওয়া এক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনসহ অন্যান্য পাওনার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই অবরোধ করেন লেনী ফ্যাশন লিমিটেড এবং লেনী এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
এতে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ২০২০ সালে ‘করোনার দোহাই’ দিয়ে লেনী ফ্যাশন লিমিটেড এবং লেনী এ্যাপারেলস লিমিটেড বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিটসহ শ্রমিকদের পাওনা না দিয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে।
লেনি ফ্যাশন ইউনিট-১ এর শ্রমিক শাহিদা পারভীন সুমি বলেন, ওই কারখানায় সুইং হাইস্কেল অপারেটর পদে ১৭ বছর চাকুরি করেছেন। ২০২০ সালে একদিনের বন্ধ দিয়ে কারখানা একেবারে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বার বার পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু চারটি বছর পার হয়ে গেছে এখনো তাদের পাওনা পরিশোধ করেননি কর্তৃপক্ষ।

বজলুর রহমান নামে আরেক শ্রমিক বলেন, “আমার দুই মাসের বেতন ও অন্যান্য ক্ষতিপূরণ মিলিয়ে ২ লাখ ৩৫ হাজার টাকা পাওনা রয়েছে। নভেম্বর মাসের ৩০ তারিখে আমাদের বেতন দেয়ার কথা।
“এর আগে গত মাসের ১৫ তারিখে বেতনের তারিখ জানিয়ে নোটিশ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনো কোনো প্রকার নোটিশ দেয়নি। তাই বাধ্য হয়েই আমরা সড়কে অবস্থান নিয়েছি।”
রিনা, আঁখি, হাসেম মোল্লাসহ একাধিক শ্রমিক জানান, পাওনাদি পরিশোধের জন্য বার বার তারিখ পরিবর্তন করে কর্তৃপক্ষ। পরে ডিইপিজেডের নির্বাহী পরিচালক আহসানুল কবীর ৩০ নভেম্বর সব পাওনা পরিশোধ করবেন বলে শ্রমিকদের আশস্ত করেন। কিন্তু ২৪ নভেম্বর কর্তৃপক্ষ জানিয়ে দেয় নির্ধারিত তারিখে পাওনাদি দিতে পারবে না।
শ্রমিকরা অভিযোগ করেন, কারখানায় চারটি ইউনিটের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের প্রায় ৬৬ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ দুটি ইউনিট বিক্রি করে দিয়ে ৮৪ কোটি টাকা নিয়ে গেলেও শ্রমিকদের কোনো পাওনা দেওয়া হয়নি।
তাই শ্রমিকরা তাদের পাওনাদি আদায়ে বাধ্য হয়েই বিক্ষোভ করছেন। অবিলম্বে তাদের পাওনাদি বেপজা কর্তৃপক্ষকে পরিশোধের দাবি জানান তারা।

বাংলাদেশ গামের্ন্ট ও সোয়ের্টাস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, “প্রায় চার বছর আগে করোনাকালীন সময়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর আর চালু করেনি। তবে কিস্তি করে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেছিল। কিন্তু দীর্ঘদিন পাওনাদি পরিশোধ না করায় শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, “আমরা বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে কথা বলতে কারখানা কর্তৃপক্ষ কিংবা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।