০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরের ‘বোমারু হোসেন’ কুমিল্লা থেকে গ্রেপ্তার

পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সক্রিয় সদস্য।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 03:46 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

মেহেরপুরের হোসেন আলী ওরফে ‘বোমারু হোসেনকে’ কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাংনী থানার ওসি মহাদ্দিদ মোরশেদ চৌধুরী শনিবার বলেন, শুক্রবার রাতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টার দিকে গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামের বাড়ি থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়। তিনি গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সক্রিয় সদস্য। 

পুলিশ জানায়, সম্প্রতি গাংনী উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়। এ সময় আশপাশে হাতবোমা ফেলে রাখা হয়। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে এমন ৩০টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সন্ধান পায় পুলিশ। 

গাংনী থানার ওসি মহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, ‘বোমারু হোসেনের’ বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এলাকায় চরমপন্থি সংগঠনকে আবার সংগঠিত করতে তিনি গোপন জীবন বেছে নিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।  

তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আরেকটি মামলা হবে বলে জানান তিনি।