Published : 09 Jun 2026, 05:27 PM
মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে তরুণদের স্বপ্নের অপমৃত্যু এবং দেশের সম্পদের অপচয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে এ অপরাধ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
তিনি বলেছেন, “মানব পাচারকারীরা মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে, যেখানে অনেকে ভয়াবহ নির্যাতন ও শোষণের শিকার হচ্ছেন।”
সোমবার বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। আমরা নিজে বাঁচব, অন্যকে বাঁচাব; নিজে সচেতন হব, অন্যকেও সচেতন করব।”

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “আমরা না জেনে, না বুঝে দক্ষ না হয়ে যেকোনোভাবে বিদেশ যেতে চাই। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের বলেন, “নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতার অভাবে অনেকেই দালালের খপ্পরে পড়ছেন। বিদেশফেরত ব্যক্তিদের একটি তথ্যভিত্তিক ডেটাবেজ থাকলে নিরাপদ অভিবাসন প্রক্রিয়া আরও সহজ হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির ম্যানেজার শায়লা শারমিন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি লিডার, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং মানব পাচারের শিকার হওয়া ভুক্তভোগীরা উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।