Published : 03 Nov 2025, 02:51 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য ভুল শুধরে জনগণের আস্থা ফেরানোর সুযোগ হিসেবে দেখছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেছেন, “নির্বাচনের সময় মাঠে থাকা প্রত্যেক পুলিশ সদস্যকে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে।”
রোববার বিকালে রাজশাহী মহানগর পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে পুলিশ সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে এ মন্তব্য করেন আইজিপি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
রোববার রাতে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে আরএমপির ট্রেনিং স্কুলের তত্ত্বাবধানে তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
রোববার ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম বলেন, “জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”
নির্বাচনের সময় জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, “প্রত্যেক সদস্যকে এমনভাবে কাজ করতে হবে, যাতে মানুষ পুলিশকে বিশ্বাস করতে পারে।”
এ সময় নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ের করণীয় বিষয়ে বিস্তারিত দিক-নির্দেশনা দেন আইজিপি।
পাশাপাশি, আইন অনুযায়ী যেকোনো পরিস্থিতিতে কঠোর অবস্থানে থাকার নির্দেশও দেন তিনি।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ রাজশাহী রেঞ্জ, রাজশাহী মহানগর পুলিশ এবং রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।