কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেপ্তার
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কুড়িগ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা জানান, বুধবার রাত সাড়ে ১২টার পর সদর থানার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও তার সহযোগী একই এলাকার লিটন কাজী (২৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি রেজাউল করিম জানান, গ্রেপ্তার দুজনের মধ্যে মোস্তাকিন কাজী খুলনার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার বাসিন্দা। তার সহযোগী লিটন কাজীর বাড়িও একই এলাকায়।
তিনি বলেন, “দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।”
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, “গোপন খবরে অভিযান চালিয়ে প্রাইভেটকারটিতে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো দশটি প্যাকেট থেকে মোট দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
তিনি বলেন, “গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।”
