Published : 23 Jan 2026, 09:27 PM
শুভ জ্ঞানের আরাধনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সরস্বতী পূজা উদযাপন করেছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়। দুপুরে আলোচনা সভা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন মাঠে বিভিন্ন বিভাগ ও অনুষদের উদ্যোগে মোট ৪৪টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। এসব মণ্ডপে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পূজা অনুষ্ঠিত হয়।
দিনভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব মণ্ডপে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পূজা শেষে প্রসাদ গ্রহণ করেন পূণ্যার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দীপু রায় বলেন, “সরস্বতী দেবী বিদ্যা, বুদ্ধি, বাক্, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী পূজা করলেই কেউ জ্ঞানী হয়ে যায়- এমন নয়। বিদ্যা অর্জন একটি সাধনার বিষয়, যা অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করতে হয়। এই পূজা আমাদের অলসতা দূর করে জ্ঞান অন্বেষণে উদ্বুদ্ধ করে। আজকের পূজায় কামনা করি যেন মানুষ অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পায়।”
পূজা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক পাপড়ি সাহা বলেন, “প্রতিবারের মতো এবারও আমরা সরস্বতী পূজার আয়োজন করেছি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজন বড় হয়েছে। কেন্দ্রীয় মন্দির ছাড়াও ৪৪টি বিভাগ ও অনুষদ আলাদাভাবে পূজার আয়োজন করেছে। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে সৌজন্য বিনিময় করা হয়েছে। আশা করছি, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আয়োজন শেষ করতে পারব।”
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ এবং প্রক্টর মাহবুবুর রহমান কেন্দ্রীয় মন্দিরে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।