২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে গ্রাহকের টাকা নিয়ে উধাও ‘কারসা ফাউন্ডেশন’

ওসি বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 02:08 AM

Updated : 26 Aug 2026, 10:24 AM

সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রাহকদের কাছ থেকে জামানতের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে।  

গ্রাহকরা জানান, তারা কিছুদিন ধরে ‘কারসা ফাউন্ডেশন’ নামের একটি সংস্থায় টাকা জমাচ্ছিলেন ঋণ পাওয়ার আশায়। কিন্তু মঙ্গলবার এসে দেখতে পান সেই সংস্থার কার্যালয়ে তালা ঝুলছে।

সলঙ্গা ডিগ্রি কলেজ পাড়ার সাবেক সেনা সদস্য শহিদুল ইসলামের বাড়ির নিচতলায় সেই সংস্থা ভাড়া নিয়ে কার্যালয় করেছিল। দুপুরে গিয়ে দেখা যায়, সেখানে তালা ঝুলছে। সামনে ভীড় করছেন ভুক্তভোগী গ্রাহকরা।

তারা জানান, মাত্র এক সপ্তাহ আগে সংস্থাটি এলাকায় আসে। অল্প জামানতে দুই লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আশপাশের গ্রামের মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু করে সংস্থার লোকজন। 

এই সময়ে তারা শতাধিক মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা সংগ্রহ করেন। এরপর ঋণ না দিয়েই পালিয়ে যান। 

গ্রাহক নাজমা খাতুন বলেন, “২ লাখ টাকা পাওয়ার আশায় ১৫ হাজার টাকা জমা দিয়েছি। সোমবার সকালে ঋণ নিতে এসে দেখি অফিস বন্ধ। ব্রাঞ্চ ম্যানেজারের ফোন নম্বরটিও বন্ধ।” 

হাজেরা খাতুন বলেন, “কাসরা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার দুই লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলে জনপ্রতি ১৫ হাজার টাকা করে আমানত নিয়েছে। ঋণ না দিয়ে উল্টো জামানতের টাকা নিয়ে পালিয়েছে।” 

বাড়ির মালিক সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম বলেন, “এক সপ্তাহ আগে এনজিওর ম্যানেজার পরিচয়ে একজন এসে বাসাটি ভাড়া নিয়েছিল। কয়েক দিনের ব্যবধানে তারা পালিয়েছে।” 

সলঙ্গা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”