Published : 25 Nov 2025, 02:55 PM
সিলেট নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ও ছয় জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর লাক্কাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
নিহত মাহফুজ আহমেদ (২২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
আহতদের মধ্যে আছেন ট্রাক চালক এবং তার সহকারী, অন্যরা প্রাইভেটকারের যাত্রী।
ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, “এ ঘটনায় আহত ছয় জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
দুর্ঘটনার পর প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।