১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ‘মব’ তৈরি করে পুলিশের উপর হামলার অভিযোগ, আসামি ৭০ শ্রমিক

“দুটি বাসভর্তি শ্রমিক এসে মব সৃষ্টি করে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং ট্রাক দুটি নিয়ে চলে যায়।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘মব’ সৃষ্টি করে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান।  

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে।   

মামলার বরাতে ওসি রতন শেখ বলেন, অবৈধ বালু-পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটের সামনে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল। এ সময় দুটি ট্রাক আটক করে বালু-পাথর ও গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চায় পুলিশ। 

“তখন ওই ট্রাকের চালক ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেন। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে দুটি বাসভর্তি শ্রমিক এসে মব সৃষ্টি করে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং ট্রাক দুটি নিয়ে চলে যায়।”

ওসি আরও বলেন, “আমরা ঘটনার ভিডিও দেখে ১৫ জনকে শনাক্ত করেছি। আসামিদের ধরতে অভিযান চলছে।”  

এ বিষয়ে জানতে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।