১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপদেষ্টা আসবেন, তাই কাপড় দিয়ে আবর্জনার স্তূপ আড়াল

ভৈরব পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর বলেন, “উপদেষ্টা আসবেন বলে কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন আবর্জনা অতিথিদের চোখে না পড়ে।”

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফর উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে কাপড় টানিয়ে ঢেকে দেওয়া হয়েছে আবর্জনার স্তূপ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ট্রেনে করে ভৈরববাজার স্টেশনে পৌঁছান উপদেষ্টা। পরে ভৈরব থেকে তিনি সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। 

স্থানীয়রা জানান, ভৈরববাজার রেলওয়ে স্টেশন থেকে মেঘনা সেতু পর্যন্ত উপদেষ্টার যাওয়ার পথের দুই ধারে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। প্রচণ্ড দুর্গন্ধে এই পথ দিয়ে মানুষকে নাক চেপে চলাফেরা করতে হয়। 

স্থানীয় শিক্ষক শাহাব উদ্দিন বলেন, “উপদেষ্টা আসার কর্মসূচির কারণে কয়েকদিন ধরে ময়লা-আবর্জনা কিছুটা পরিষ্কার করলেও দুর্গন্ধ দূর করা সম্ভব হয়নি। এজন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে রাস্তার দুপাশে কাপড়ের পর্দা টানিয়ে আবর্জনার ভাগাড় ঢেকে দেওয়া হয়েছে।” 

আইনজীবী এনামুল হক বলেন, “বন্দর ও রেলওয়ে জংশনসহ ভৈরব ব্যবসানির্ভর এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ রেলওয়ে স্টেশন সড়ক দিয়ে যাতায়াত করেন। এ ছাড়া শহরের বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করেন।

“এতদিন জনগণের ভোগান্তি হলেও কর্তৃপক্ষ দৃষ্টি দেয়নি। এখন উপদেষ্টার আগমনে পর্দা টানিয়ে ময়লা ঢেকে দেওয়ার হাস্যকর কর্মকাণ্ড করা হচ্ছে।”  

এ ব্যাপারে জানতে চাইলে ভৈরব পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম রোকন বলেন, “পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের ময়লা-আবর্জনা সড়কের পাশে রেলের জায়গায় ফেলতে হয়। আমরা প্রতিদিনই ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার-পরিচ্ছন্ন করি। 

“আজকে উপদেষ্টা মহোদয় আসবেন বলে কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন আবর্জনা অতিথিদের চোখে না পড়ে।”