অনিয়মিতদের নিয়মিত প্রশ্নে পরীক্ষা, বরিশালে কেন্দ্র সচিবসহ ২ শিক্ষক বহিষ্কার
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন উজিরপুরের ইউএনও।
বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিব ও এক শিক্ষককে সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ হওয়ার পর ঘটনার সত্যতা পেয়ে দুই জনকে বহিস্কার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানিয়েছেন।
বহিষ্কৃতরা হলেন-উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ফারুক হোসেন এবং সহকারী শিক্ষক খগেন মণ্ডল।
ইউএনও আলী সুজা বলেন, “এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মিত সাত পরীক্ষার্থীর পরীক্ষা ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। প্রথমে বিষয়টি জানার পর সংশ্লিষ্টরা গোপন করে যায়।
“বৃহস্পতিবার অভিভাবকদের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে কর্তৃপক্ষ সত্যতা যাচাই করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্র সচিবসহ দুইজনকে পরীক্ষার সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।”
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকেও চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।
ইউএনও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।
