নড়াইলে বৈদ্যুতিক কেটলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
লেখাপড়ার পাশাপাশি বাবার চায়ের দোকানে বাবাকে কাজে সহায়তা করতেন তিনি।
নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে কালিয়া পৌরসভার বেন্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন।
নিহত ১৫ বছর বয়সী তানভীর বেন্দা গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
ওসি ইদ্রিস বলেন, “তানভীর লেখাপড়ার পাশাপাশি তার বাবার চায়ের দোকানে সহযোগিতা করতেন। সকালে দোকানে চা বানাতে গিয়ে ইলেকট্রিক কেটলি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
