২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ পেল পাহাড়ের শিশুরা

ইউনিসেফের সহযোগিতায় কর্মশালা আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 07:24 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

বান্দরবানে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে এই সনদ তুলে দেওয়া হয়।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দুই দিনের এই কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, তথ্য সংগ্রহ ও উপস্থাপনা এবং ভিডিও প্রতিবেদন তৈরি সর্ম্পকে ধারণা দেওয়া হয়। 

সমাপনী দিনে কর্মশালার অভিজ্ঞতা তুলে ধরের দুই প্রশিক্ষণার্থী। 

কলিন বম বলেন, “টেলিভিশনে সবসময় খবর দেখার সুযোগ হয়। তখন কিভাবে সংবাদ পড়ে, সাংবাদিককরা কিভাবে খবর তৈরি করে এসব ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়। এখন নিজেও এসব ব্যাপারে জানার সুযোগ হল। যে কোনো তথ্য পেলে যাচাই-বাছাই করে বিশ্বাস করা এবং মানুষকে কিভাবে সঠিক তথ্য দিতে হয় এসব বিষয় খুবই ভাল লেগেছে।”

স্বস্তিকা বিশ্বাস নামে আরেক প্রশিক্ষণার্থী বলেন, “আমাদের কেউ পত্রিকা পড়ে, কেউ টেলিভিশনে খবর দেখে। কিন্তু এর পেছনে কত আয়োজন থাকে সেটা আমরা জানি না। এখন তো সোশাল মিডিয়ার যুগ। হুট করে বিশ্বাস করে ফেলি আমরা। আবার ফেইসবুকে একটা পোস্ট করতে হবে অথবা সবার সামনে একটা কথা বলতে হবে সেখানেও সঠিক তথ্য দিয়ে উপস্থাপন করতে হবে। এই প্রশিক্ষণ থেকে এসব বিষয় জানার সুযোগ হল। দুই দিনের এই কর্মশালা আগে পরে আমাদের অনেক কাজে লাগবে।”

সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবে সভাপতি ও বেতারের সংবাদদাতা আমিনুল ইসলাম বাচ্চু বলেন, “যে কোনো বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। দুই দিনের কর্মশালা থেকে শিশুরা নতুন কিছু ধারণা পেয়েছে। তারা এই কর্মশালার অভিজ্ঞতা এখন ভালভাবে কাজে লাগাতে পারবে। শিশুদের চোখে যা কিছু ভাল লাগবে কিংবা কোনো অনিয়ম, অসঙ্গতি দেখলে তারা এখন থেকে সুন্দরভাবে তুলে ধরতে পারবে।”

সনদ বিতরণ অনুষ্ঠানে বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিনারুল হক মিনার এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহফিচার সম্পাদক ও প্রশিক্ষক হাসান বিপুল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যালো জেলার তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা।

জেলা শহরে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট  পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী ২২ শিশু কর্মশালায় অংশগ্রহণ করে।