১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুড়িচংয়ে নিখোঁজ নারীর বস্তাবন্দি লাশ সেপটিক ট্যাংকে

পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা তার ছেলের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 01:45 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানিয়েছেন। 

মৃত ৫০ বছর বয়সী ফেরদৌসী বেগম নয়ন রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, ফেরদৌসী বেগম গত শুক্রবার সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হদিস পায়নি। পরে তারা বুড়িচং থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই মধ্যে পাশের বাড়ির টয়লেটের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার বস্তাবন্দি লাশ খুঁজে পায় এলাকার লোকজন।  

ফেরদৌসীর ছেলে ইকরামুল বলছেন, তার মাকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

ঘটনাস্থল থেকে ফেরদৌসীর দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তবে তাদের কেন হেজাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে কোন তথ্য জানা জায়নি। 

ওসি আজিজুল হক বলেন, ফেরদৌসী বেগমের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।