ডাকসুতে জিন্নাহর ছবি রাখার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
সমাবেশে মাস্টারদা সূর্যসেনকে নিয়ে মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ নামের সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের প্রেতাত্মারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারই বহিঃপ্রকাশ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা। একাত্তরের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্ত করতেই এ পাঁয়তারা চালাচ্ছে।
একই দিন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জিন্নাহর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তনের দাবির তীব্র নিন্দা জানানো হয় সমাবেশ থেকে।
এ ছাড়া ওই অনুষ্ঠানে মাস্টারদা সূর্যসেনকে ‘ডাকাত ও খুনি’ আখ্যা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সদস্যসচিব জহিরুল ইসলাম স্বপন, জেলা মহিলা পরিষদের সভাপতি সাথী চৌধুরী এবং জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুক।
