২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ফুটপাতে জায়গা নিয়ে তর্কে ঘুষি, ফুল বিক্রেতার মৃত্যু

ইমান প্রতিদিন সকালে ফুটপাতে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসতেন বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে ফুটপাতে জায়গা নিয়ে তর্কে ঘুষি, ফুল বিক্রেতার মৃত্যু
নারায়ণগঞ্জ সদর মডেল থানা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে বাগবিতণ্ডার জেরে এক বিক্রেতার ঘুষিতে অপর বিক্রেতা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে। ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।

ইমানের দুসম্পর্কের এক ভাই মো. নাজমুল বলেন, সকালে ইমান ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীদের পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে প্রতিদিন সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত বিক্রেতা ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, “আমি আর ইমান ভাই একসঙ্গে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে সকালে পাশের আরেক ফুল বিক্রেতা মো. গাউসের সঙ্গে ইমানের তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারতে থাকেন। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।”

তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিলে চিকিৎসক ইমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

ওসি নাছির আহমদ বলেন, ইমানের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরতে কাজ করছে পুলিশ।