Published : 16 May 2026, 10:05 AM
বান্দরবানে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় শুক্রবার এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শহরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং। উব্দোধনী পর্ব সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি ও জেলা হ্যালো তত্ত্বাবধায়ক উসিথোয়াই মারমা।
প্রধান অতিথির বক্তব্যে অংচমং বলেন, “আগে বলা হত জ্ঞানই শক্তি। এখন তথ্য প্রবাহের যুগ। বর্তমান সময়ে তথ্যই শক্তি। যার কাছে যত তথ্য থাকবে তিনি তত শক্তিশালী হবেন। কিন্তু এরকম তথ্য প্রবাহের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপতথ্যের ছড়াছড়ি রয়েছে। এসব অপতথ্য সমাজে অনেক সময় অস্থিরতা ছড়ায়।”
তিনি বলেন, “তথ্যের সত্য-মিথ্যা যাচাই করতে এবং যে কোনো ভাল কিছু তুলে ধরতে শিশু সাংবাদিকতার বড় সহায়ক হবে। সৎ পথে চলার জন্য, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তুলে ধরার জন্য এবং জবাবদিহি নেওয়ার জন্য সাংবাদিকতার বিকল্প নেই।
“তার মধ্যে যারা শিশু বয়স থেকে সাংবাদিকতার মৌলিক ধারণা শেখার সুযোগ পাচ্ছে। তারা বড় হয়ে সমাজের আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।”
দিনব্যাপী এ কর্মশালায় সংবাদের প্রাথমিক ধারণা, ভিডিও ধারণ ও সংবাদ লেখার বিষয়ে প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সাদিক ইভান।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, “সারাদেশে মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশ শিশু। তাদেরকে গুরুত্বসহকারে তুলে ধরা হয় না। শিশু সাংবাদিকতার প্রথম কথা হচ্ছে, শিশুদের পরিবার গুরুত্ব দিচ্ছে কিনা। তাদের কথা গুরুত্বসহকারে শুনা হয় কিনা। শিশুদের কথা গুরুত্ব দেওয়ার জন্য শিশু সাংবাদিকতা।”
তিনি আরও বলেন, “তাদের কথা আলাদাভাবে তুলে ধরার জন্য শিশুদের আলাদা পাতা রাখা হয়েছে। যার নাম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এখানে বড়রা কাজ করবে না। শুধুমাত্র শিশুরাই শিশুদের কথা বলবে।”
শহরের বিভিন্ন স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ১১ জন শিশু এ কর্মশালায় অংশ নেন।