Published : 26 Apr 2026, 02:42 PM
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচদিন আগে নিখোঁজ এক তরুণীর মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান।
নিহত ২২ বছর বয়সী রাজমিনা বেগম ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, গত মঙ্গলবার দুপুর থেকে রাজমিনা নিখোঁজ ছিলেন। তার কোনো সন্ধান না পেয়ে পরদিন বুধবার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা রশিদ আলী।
শনিবার বিকালে কাউপুর গ্রামের মারফত আলীর বাড়ির পেছনের জঙ্গলে গাছ কাটতে গিয়ে তীব্র পচা দুর্গন্ধ পান রশিদ আলী। পরে ভেতরের দিকে এগিয়ে গেলে বাউন্ডারি দেয়ালের পাশে একটি ছোট করচ গাছে রাজমিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান এবং ইউপি সদস্যের মাধ্যমে থানায় খবর দেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা গিয়ে তা উদ্ধার করে।
রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আফিজ আলী বলেন, “মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পোকা ধরেছিল। লাশ অনেকটা বিকৃতও হয়ে গেছে।’’
এ ঘটনায় নিহতের বাবা হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন এবং ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে
ওসি গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন।