ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি বলেন, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলায় মহসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরিফ জানিয়েছেন।
নিহত ২০ বছর বসয়ী রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মো. শরিফ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুমুখী লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে রাস্তার বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
