২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

মামলাটি গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 08:29 PM

Updated : 17 Apr 2023, 08:29 PM

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে রংপুরে।  

সোমবার রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী।

মামলাটি গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।

বাদীর আইনজীবী সামছুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮, ১০ ও ১২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত সংবাদে বাদী ইউনুস আলীর সম্মান হানি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

‘নদের জমি বেচছেন কৃষক লীগ নেতা’ – শিরোনামে প্রকাশিত সংবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ‘চাকির পশার’ নামের একটি ‘নালাকে নদ বানিয়ে’ সংবাদ প্রকাশ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।  

সামছুল হুদা বলেন, “বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী একজন সম্মানিত ব্যক্তি ও জাতির শ্রেষ্ঠ সন্তান। দৈনিক প্রথম আলোতে সংবাদ পরিবেশনের মধ্য মিয়ে সম্মানিত ব্যক্তির সম্মানহানি করা হয়েছে। আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।”

মামলায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৭, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ করা হয়েছে।