Published : 22 Sep 2025, 06:54 PM
ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের রামগড় অংশে দ্রুত সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সমানে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার খানাখন্দে ভরা ও ভাঙা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলও দুঃসাধ্য হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পরিবহন ও পথচারীরা। এতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সড়কটি দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
মানববন্ধনে রামগড়ের সাবেক কাউন্সিলর মহিউদ্দিন হারুন বলেন, “প্রতিনিয়ত সড়কটিতে ছোটবড় দুর্ঘটনা ঘটছে। ভাঙা সড়কটির পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পাহাড়ের অন্যতম আঞ্চলিক সড়ক এটি। দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবসময় আতঙ্কে থাকেন অভিবাবকরা। তাই এটা দ্রুত সংস্কার করা প্রয়োজন।”