Published : 18 Jan 2025, 04:04 PM
বান্দরবানের আলীকদমে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শনিবার বেলা ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দীন।
নিহতদের মধ্যে মো. বেলাল নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী পাখী বেগম বলেন, “আলীকদম থেকে দুটি ট্রাক রীতিমতো প্রতিযোগিতা করার মত করে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। তারা বন্যা নামক এলাকায় পৌঁছালে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী তিনজনই ঘটনাস্থলে নিহত হন।”
ওসি মীর্জা জহির উদ্দীন জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”