যশোর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সীমান্তে আটক
“আওয়ামী লীগ সরকারের কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা যাতে ভারতে যেতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে”, বলেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি।
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করন। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাকে যেতে দেয়নি। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ, সেটি জানায়নি সীমান্তরক্ষা বাহিনীটি।
বিজিবি বেনাপোল সদর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, “আমাদের কাছে খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অবস্থানে থাকে।
“আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। এ সময় তাকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “যশোরের সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোনো অপরাধী অবৈধভাবে যাতে পালিয়ে যেতে কিংবা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।”
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা যাতে ভারতে যেতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।”
