০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় গাড়ির দীর্ঘ লাইন

টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এবং চান্দনা থেকে ভোগড়া, মাওনা ও জৈনাবাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 12:38 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অনেকটা যানজটমুক্ত থাকলেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। 

চাকরির সুবাদে গাজীপুরে অবস্থান করা হাজার হাজার মানুষ ঈদ উদযাপন করতে ছুটছেন নিজ নিজ গ্রামের বাড়ির পথে। ফলে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে এ অঞ্চল। 

বুধবার সকাল থেকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এবং চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া, মাওনা ও জৈনাবাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নেই; সড়ক প্রায় ফাঁকা রয়েছে।

অল্প কিছু যাত্রী বাস স্ট্যান্ডগুলোতে অবস্থান করছেন ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পরিবহন শ্রমিকরা হাঁকডাক করছেন যাত্রীর জন্য।

অপরদিকে কালিয়াকৈর-চন্দ্রা-ত্রিমোড় এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে। যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে।

এছাড়া চন্দ্রা এলাকার নবীনগর ও সফিপুর পর্যন্ত সড়কেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, “সকালে সড়কে যাত্রী সংখ্যা কম থাকায় যানজট নেই। তাছাড়া যানজট নিরসনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।”

গাজীপুরের পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ায় বুধবার তৃতীয় ধাপে অনেক কারখানায় ছুটি শুরু হবে।

ফলে বিকালে দিকে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা অনেকেই ধারণা করছেন।

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম বলেন, “সকালের দিকে মহাসড়কে যাত্রীসংখ্যা কম থাকলেও গণপরিবহনের সংখ্যা অনেক বেশি।

“যানবাহনগুলো শৃঙ্খলায় রাখতে ও যানজট নিরসন করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে বিকালে দিকে মহাসড়কে যাত্রীসংখ্যা আরও বাড়তে পারে।”