১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মানুষ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে: আহমেদ আযম খান

টাঙ্গাইলের বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 09:15 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

তিনি বলেছেন, “জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। কোনো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না।”

“প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরেই নির্বাচনের আয়োজন করুন। আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দল নতুন নতুন আসতে কোনো বাধা নেই, বরং স্বাগত জানাই।” 

আহমেদ আযম খান বলেন, “কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে। তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে। তারপর নির্বাচন, এই সব চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।” 

বুধবার বিকালে টাঙ্গাইলের বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে, মেধাবীদের। মেধা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া যাবে না। তোমরা খেলাপড়া করে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে। প্রত্যেকটা স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের কাছে যেতে হবে। তাদের অনুরোধ করতে হবে, তাদের ছাত্রদলে ভর্তি করবে হবে।”

আহমেদ আযম খান বলেন, “আমি বলতে চাই- সরকারের ভেতরে এবং সরকারের বাইরে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ডাকে আমরা আজকে ঐক্যবদ্ধ। তাকে বিতর্কিত করবেন না।”

বাসাইল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহসভাপতি রাশেদা সুলতানা রুবি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল আমিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বিজয়, শুভ ভূইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক জিহাদ খান, সদস্যসচিব ইমন খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকত ইমরান খান।