১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাকসু জয়ে মিছিল নয়, ‘সিজদায় শুকরিয়া’ জানাবে ছাত্রশিবির

নির্বাচনে ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টি জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 01:21 AM

Updated : 26 Aug 2026, 02:17 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নিজেদের প্যানেলের একচেটিয়া বিজয়ে আনন্দ মিছিল না করার কথা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।  

শনিবার রাতে ফল ঘোষণার পর এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, বিজয় উদযাপনে তারা ‘সিজদার মাধ্যমে’ সৃষ্টিকর্তার প্রতি ‘শুকরিয়া’ জানাবেন। 

ভোট গ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার বিকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। 

প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টি জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি চারটি পদের মধ্যে ভিপিসহ তিনটি পদে স্বতন্ত্র এবং একটিতে বাগছাস প্রার্থী জয় পেয়েছেন।  

জাহিদুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।

“যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা দেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।”

শিবির সভাপতি বলেন, “কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। 

“গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।”

তিনি বলেন, “গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।”