কক্সবাজারে জোড়া খুন: ৬ জনের বিরুদ্ধে মামলা
পুলিশ জানায়, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে জোড়া খুনের ঘটনায় ছয়জনের নামে মামলা হয়েছে।
রোববার দুপুরে নিহত আব্দুল খালেকের বড়ভাই আবদুল মজিদ কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা করেন বলে ওসি রকিবুজ্জামান জানান।
মামলার আসামিরা হলেন, খুরুশকুলের সাবেক এমইউপি শামসু আলমের ছেলে ইমতিয়াজ হোসেন (৩০), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোরশেদ আলম প্রকাশ কাজল (৪০), সিরাজুল হকের ছেলে রাশেদুল হক (৪৫), শামসুল আলমের ছেলে ইকবাল হোসেন (৪৩), খুরুশকুলের কুলিয়াপাড়ার মো. হাফেজের ছেলে আলমগীর (২৮) ও কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাল্লু (২৫)।
শুক্রবার দুপুরে উপজেলার খুরুশকূল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মনুপাড়া থেকে একই এলাকার জামাল হোসেনের ছেলে আব্দুল খালেক (২২) এবং আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন আরাফাতের (২৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা দুইজনই পেশায় জেলে।
‘চুরির অপবাদে’দুই জেলেকে ধরে নিয়ে রাতভর পিটিয়ে এবং বৈদ্যুতিক শক লাগিয়ে হত্যার করার অভিযোগ করেন নিহতদের স্বজনরা।
ওসি বলেন, এখন পর্যন্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
