বঙ্গোপসাগরে লঘুচাপ: হাতিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ
হাতিয়ার নলচিরা যাওয়ার উদ্দেশ্য আসা শত শত যাত্রী মূল ভূখণ্ডের চেয়ারম্যানঘাটে আটকা পড়েছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সঙ্গে ফেরীসহ সব ধরনের নৌযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে সারা দেশের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলাটি।
ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “আবহাওয়া অধিদপ্তর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।”
রোববার সকাল থেকেই হাতিয়ার নলচিরা যাওয়ার উদ্দেশ্য আসা শত শত যাত্রী মূল ভূখণ্ডের চেয়ারম্যানঘাটে আটকা পড়েছেন।
চেয়ারম্যান ঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন জানান, “নদী উত্তাল থাকায় সকাল থেকে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি। এতে ঘাটে আসা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।”
ইউএনও রাসেল ইকবাল আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক ও সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌ যোগাযোগ স্বাভাবিক হবে।
