গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা পিকআপের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের দুই সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে স্থানীয় পল্লীবিদ্যুৎ এলাকায় দেওয়ান ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে থানার ওসি মো. শাহাদৎ হোসেন।
নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে মো. শামীম (১৮) এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার দাইয়েরপাড় এলাকার মো. আব্দুল সাত্তারের ছেলে আবুল কাসেম (২১)।
আহত পিকআপ চালকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি শাহাদৎ জানান, শুক্রবার ভোরে দেওয়ান ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইলগামী লেনে একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় টাঙ্গাইলগামী মুরগী বোঝাই একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চালকের দুই সহকারীকে মৃত ঘোষণা করেন। তবে চালকের নাম জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
