১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘আত্মহত্যা’

স্ত্রী মাকসুদা পারভীনের দাবি, ২০১১ সালে তাদের বিয়ের তিন-চার মাস পর থেকেই শাহিনুলের মানসিক সমস্যা শুরু হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

শেরপুরে ভাড়া বাসা থেকে পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি ‘মানসিক সমস্যায়’ ভুগে আত্মহত্যা করেছেন। 

শেরপুর সদর থানার বিপরীতে গৃদানারায়ণপুর মহল্লার ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা। 

মারা যাওয়া শাহিনুল ইসলাম জামালপুর জেলার টেবির চড় গ্রামের প্রয়াত শামসুল হক মাস্টারের ছেলে। 

ওসি সোহেল রানা বলেন, শাহিনুল ৫ মাস আগে শেরপুর থানায় যোগদান করেন। তিনি স্ত্রী মাকসুদা পারভীন ও আট বছরের শিশু সন্তানসহ বাসা ভাড়া নিয়ে থাকতেন। 

বুধবার রাতে ডিউটি করার পর বৃহস্পতিবার সকালে শাহিনুল বাসায় ফিরেন। বাবার বাড়িতে থাকা স্ত্রী ফেরেন রাত ১১টায়। সঙ্গে ছিলেন তার ভাই। 

তারা বাইরে থেকে ডাকাডাকি ও মোবাইলে ফোন দিয়েও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন শাহিনুল জানালার গ্রিলের সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন। 

তারা থানায় খবর দিলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। 

স্ত্রী মাকসুদা পারভীনের দাবি, ২০১১ সালে তাদের বিয়ের তিন-চার মাস পর থেকেই শাহিনুলের মানসিক সমস্যা শুরু হয়। মাঝে-মধ্যেই দোকান থেকে বিষ কিনে আনতেন। 

ওসি সোহেল রানা বলেন, “প্রাথমিকভাবে আমাদের ধারনা শাহিনুল গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।”