১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসু: অনিয়ম, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের

“ছাত্রদল ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল আচরণবিধি ভঙ্গ করে কেন্দ্রের ১০০ গজের মধ্যে প্রবেশ করছে এবং ভোটারদের প্রভাবিত করছে।”

রাকসু: অনিয়ম, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 04:01 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। 

একইসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক আচরণের’ অভিযোগও তুলেছে তারা ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, “নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহারের কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। ব্যবহৃত কালি সহজেই মুছে যাচ্ছে, যা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি আরও বলেন, “ভোটের শুরুতেই সিরাজী ভবনে শিবির-সমর্থিত শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। একই ধরনের ঘটনা ঘটে ডিনস কমপ্লেক্স, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও জগদীশচন্দ্র বসু ভবনেও।” 

অথচ নির্বাচন কমিশন প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল বলে দাবি করেন তিনি।

ফাহিম রেজা আরও অভিযোগ করেন, “ছাত্রদল ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল আচরণবিধি ভঙ্গ করে ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে প্রবেশ করছে এবং ভোটারদের প্রভাবিত করছে।” 

এছাড়া, খালেদা জিয়া হল ও হাবিবুর রহমান হলের পাশে একাধিক বুথ স্থাপন করে নির্বাচনের সমান প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “নির্বাচন কমিশন যদি এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে আমাদের ভাবতে হবে— কমিশন নিরপেক্ষ আচরণ করছে না “

নির্বাচনের তারিখ বারবার পরিবর্তনের কারণে প্রচারণার জন্য মোট ২৯ দিন সময় পেয়েছেন। তবুও অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংগঠনটির নেতারা।