Published : 04 May 2026, 05:45 PM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে।
সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
লিমনের চাচা জিয়াউল ইসলাম বলেন, সোমবার বাদ মাগরিব লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে সোমবার সকাল ৮টা ৫৯ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) লিমনের লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। পরে সড়কপথে জামালপুরের উদ্দেশে রওনা হয় মরদেহবাহী গাড়ি।

জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
১৬ এপ্রিল সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একই সময়ে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পরে ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে তার পরিবারকে জানানো হয়।
লিমনের চাচা জিয়াউল ইসলাম বলেন, তার বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবারসহ ঢাকায় বসবাস শুরু করেন। লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।
২০২৪ সালের জুলাইয়ে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান।