শরীয়তপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ ২ আসামির চম্পট
একজনকে আদালত চত্বর এলাকা থেকে আটক করা হয়।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অবশ্য একজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে বলে শরীয়তপুরের এসপি নজরুল ইসলাম জানান।
আসামিরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার সুরুজ মাদবর ও একই এলাকার দুলাল শেখ। দুলাল শেখকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
রোববার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়।
শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহই পালিয়ে যান তারা। পরে দুলালকে আটক করা গেছে।
এসপি নজরুল ইসলাম বলেন, সুরুজ মাদবরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
