১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বিএসএফ সদস্য আটক

সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে নিয়মিত টহলে থাকা বিজিবির একটি দল তাকে আটক করে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 03:31 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি।

রোববার ভোর আনুমানিক ৫টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ডাংগাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান আঙ্গরপোতা ক্যাম্প সুবেদার  আইয়ুব আলী। 

আটক কনস্টেবল বেদ প্রকাশ ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। 

তিনি ডাংগাপাড়া এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস-এর কাছে সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে নিয়মিত টহলে থাকা বিজিবির একটি দল তাকে আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেদ প্রকাশ বলেন, গরু চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথভ্রষ্ট হয়ে ভুলবশত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন তিনি।

তাকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং আটক সদস্যের পরিচয় নিশ্চিত করেছে। একইসঙ্গে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, বাংলাদেশ–ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, “বিএসএফের উচ্চ পদস্থদের সঙ্গে যোগাযোগ চলছে। বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।”