২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলে নিহত ২ শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতারা

আব্দুস সালাম পিন্টু নিহত শিক্ষার্থী তানবীর ও হুমাইয়ার বাবা-মাকে সান্ত্বনা দেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার সকালে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানবীর আহমেদ (১৪) এবং সখীপুর উপ‌জেলার হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রামের হুমাইরার বাড়িতে যান বিএনপি নেতারা। এ সময় তারা নিহতদের কবর জিয়ারত করেন। 

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু নিহত শিক্ষার্থী তানবীর ও হুমাইয়ার বাবা-মাকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের বাবা-মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। 

বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, “এমন ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে বিমান উড়ানো উচিত হয়নি। বিমান বাহিনীর উচিত, এমন ব্যবস্থা নেওয়া যাতে করে আর এরকম মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।” 

২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।