১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

“দাবি বাস্তবায়ন না হলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা করা হবে।”

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

এ সময় বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. হোসেন আলী, সদর উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এস এম নুর ইসলাম, সদর স্বাস্থ্য অফিস ইনচার্জ মো. আব্দুস শহীদ।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নূর ইসলাম বলেন, “শিশুর জন্মের পর ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই টিকা দিয়ে থাকেন। টিকা দেওয়ার কাজটি টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এতে আমরা পদমর্যাদাসহ বেতন বৈষম্যের শিকার হচ্ছি।”

তিনি বলেন, নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করা হচ্ছে। 

সদর স্বাস্থ্য অফিস ইনচার্জ মো. আব্দুস শহীদ বলেন, “কর্মবিরতি পালনের আগে কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা করা হবে।” 

স্বাস্থ্য সহকারী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. হোসেন আলী আশাবাদ ব্যক্ত করেন, “বর্তমান সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়ন করবে।”