Published : 13 Sep 2025, 02:54 PM
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ মারা গেছে।
শনিবার বেলা পৌনে ১২টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী।
নিহতরা হলেন, দোয়ারা বাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া এবং সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।
নিহত দুজন বন্ধু ও জেলা প্রশাসনের কর্মচারী হিসাবে চাকরি করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, দুই বন্ধু সুনামগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেলে করে জগন্নাথপুর যাচ্ছিলেন। পথে জয়কলস এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।