২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেল চালিয়ে সড়ক পার, প্রাণ গেল ট্রাকচাপায়

পুলিশ জানায়, দ্রুত গতিতে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 04:18 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

নাটোরে মোটরসাইকেল নিয়ে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার কান্দিভিটুয়া বটতলা এলাকার

ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান।

নিহত ২৪ বছর বয়সী মো. রিয়াদ হোসেন শহরের রামাইগাছি এলাকার মো. শরিফ হোসেনের ছেলে।

তিনি নাটোর দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি মিজানুর বলেন, “রোববার দুপুরে মোটরসাইকেল চালিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক পার হতে যাচ্ছিলেন রিয়াদ। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।”

ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, “মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলাতে বলতে ট্রাকের নিচে চাপা পড়েছে কী-না সেটি তদন্তের পর জানা যাবে।”