জয়পুরহাটে আখক্ষেতে মানুষের কঙ্কাল, রহস্য খুঁজছে পুলিশ
কঙ্কালটি ক্ষেতলাল উপজেলা থেকে নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি স্বজনদের।
জয়পুরহাট সদরে একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
তবে কঙ্কালটি সম্প্রতি ক্ষেতলাল উপজেলার থেকে নিখোঁজ অটোভ্যান চালকের বলে স্বজনরা দাবি করলেও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার জিতারপুর এলাকার থেকে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু শাহীন কাদির।
তিনি বলেন, দুপুরে ওই এলাকার একটি আখক্ষেতে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। হত্যার পর মৃতদেহ আখক্ষেতে ফেলে রেখে যাওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ পরিদর্শক শাহীন কাদির বলেন, “লাশটি পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় এটি পুরুষ না নারীর, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির নিবিড় তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় জানা যাবে বলে জানান তিনি।
উদ্ধার হওয়া কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে এটি ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের নিখোঁজ অটোভ্যান চালক ফরিদ হোসেনের বলে দাবি করেছেন স্বজনরা।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ফরিদ হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে অভিযান চালিয়ে সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের অটোভ্যানটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার কথা বলেছেন ওসি মুক্তারুল।
