Published : 27 Jan 2026, 11:58 AM
গাজীপুরের কাপাসিয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল এবং বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকার গোলারটেক থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সেনাবাহিনী উদ্ধার করে বলে কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম জানিয়েছেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ বলছে, কাপাসিয়া আর্মি ক্যাম্পের (৪৬ ডিভিশন লোকেটিং আর্টিলারি) মেজর মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার সরঞ্জামের মধ্যে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, চারটি ককটেল বোমা, তিনটি পেট্রোল বোমা এবং একটি ছুরি রয়েছে।
ওসি মো. শাহীনুর আলম বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক আড়াল তদন্ত কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।