Published : 24 Dec 2025, 09:41 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়ার তিন দিন পর ট্রাক ও অটোরিকশা বা মিশুক উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে তিনটি যানবাহন।
বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের যৌথ তৎপরতায় যান দুটি উদ্ধার করা হয় বলে জানান বিআইডব্লিউটিএয়ের নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক কামরুল হাসান।
তিনি বলেন, “ঘটনার দিন থেকে উদ্ধার তৎপরতা চালানো শুরু করা হলেও ফেরি চালক ও অন্যান্য স্টাফদের অসহযোগিতার কারণে সঠিকভাবে যানবাহনগুলোর লোকেশন নিশ্চিত করা যায়নি।”
এর আগে শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী ফেরিঘাট দিয়ে পারাপারের সময় মাঝনদীতে ফেরি থেকে একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ভ্যানগাড়ি ও দুটি ব্যাটারিচালিত রিকশা নদীতে পড়ে যায়।
ট্রাক ও একটি অটোরিকশা উদ্ধার করা গেলেও বাকি তিনটি যানবাহন এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা কামরুল।
ঘটনার দিন বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, “ট্রাকটি ফেরিতে ওঠার পরও গিয়ারে ছিল। ফলে হঠাৎ মাঝনদীতে সেটি চালু হয়ে যায় এবং ট্রাকটি সামনে থাকা আরও চারটি যানসহ নদীতে পড়ে যায়। এ সময় নদীতে পড়ে যান ট্রাক চালকসহ চারজন।”
ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ফেরির তিন যাত্রী মারা যান বলে জানান তিনি।